• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনজীবীকে জরিমানা, আদালতের সময় নষ্ট করা অভিযোগ

দখিনের সময়
প্রকাশিত মে ৫, ২০২১, ১৮:২০ অপরাহ্ণ
আইনজীবীকে জরিমানা, আদালতের সময় নষ্ট করা অভিযোগ

দখিনের সময় ডেক্স:

আদালতের ‘সময় নষ্ট করায়’ সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে জরিমানা করেছেন হাইকোর্ট। মামলা করার পর শুনানি না করে এবং আদেশের সময় হাজির না থাকায় আজ বুধবার (৫ মে) তাকে এ জরিমানা করা হয়। তার অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারক প্রশ্ন করেছেন, গণমাধ্যমকে দেখানোর জন্যই তিনি মামলা করেন কি না।

অবমাননার দায়ে এর আগে সর্বোচ্চ আদালত থেকে শাস্তি পাওয়া ইউনুছ আলী আকন্দ গত মাসের শেষ দিকে মহামারি সামাল দিতে সরকারের বিধিনিষেধ জারির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই রিট মামলা করেছিলেন। কিন্তু এরপর তার আর পাত্তা না থাকায় আজ বুধবার ওই রিট আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। সেই সঙ্গে ‘খরচ বাবাদ’ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে এই আইনজীবীকে।

এর আগে গত ২৫ এপ্রিল দায়ের করা ওই রিট মামলায় ইউনুছ আলী আকন্দ দাবি করেন, জরুরি অবস্থা জারি করা ছাড়া লকডাউন দেওয়ার সুযোগ নেই। চলমান লকডাউনের ওপর স্থগিতাদেশ এবং আর যাতে লকডাউন দেওয়া না হয়, সে জন্য নির্দেশনা চেয়েছিলেন তিনি। ওই রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব ও জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটিকে বিবাদী করা হয়েছিল তার।

সেখানে তিনি যুক্তি দেখান, ‘জরুরি অবস্থা জারি করা ছাড়া জনগণের চলাফেরার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার সরকার স্থগিত রাখতে পারে না। এটা সংবিধান পরিপন্থি। কিন্তু সরকার জরুরি অবস্থা জারি না করেই লকডাউন দিয়েছে, যা সংবিধানের ২৭, ২৮, ৩১, ৩২, ৩৩, ৩৫ ও ৩৬ অনুচ্ছেদের পরিপন্থি।’