• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে মিলল করোনার ভারতীয় ধরন, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

দখিনের সময়
প্রকাশিত মে ৮, ২০২১, ১৭:৩১ অপরাহ্ণ
দেশে মিলল করোনার ভারতীয় ধরন, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

দখিনের সময় ডেক্স:

দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এ খবর দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আজ শনিবার(৮মে) আইইডিসিআর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে ছয়জনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বা ‘ডাবল মিউট্যান্ট’ ধরন শনাক্ত হয়েছে। এর আগে আইইডিসিআর জানিয়েছিল, ভারতীয় ডাবল মিউট্যান্ট করোনা ধরা পড়েছে চারজনের শরীরে।

করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে ঢুকে পড়ায় শঙ্কা দেখা দিয়েছে- ভারতের মতো বাংলাদেশেও ব্যাপক প্রাণহানি ও আক্রান্তের ঘটনা ঘটে কিনা। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৮৭৮ জনে দাঁড়াল। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ২৮৫ জন

স্বাস্থ্য অধিদপ্তরে আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, শনাক্ত চারজনের মধ্যে দুই জনের বিষয়টি নিশ্চিত, আর চারটি নমুনা কাছাকাছি। দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন জানান, দেশে ভারতের ডাবল মিউট্যান্ট ধরনের করোনা একজনের শরীরে শনাক্ত হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক রোগীর নমুনা পরীক্ষায় ভারতীয় ধরনটি শনাক্ত হয় জানিয়ে তিনি বলেন, জার্মান সরকারের অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটায় (জিআইএসএইড) বিষয়টি উঠে এসেছে।