• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবেদন নাকচ, বিদেশে যেতে পারবেন না খালেদা জিয়া

দখিনের সময়
প্রকাশিত মে ৯, ২০২১, ১৮:০৬ অপরাহ্ণ
আবেদন নাকচ, বিদেশে যেতে পারবেন না খালেদা জিয়া

দখিনের সময় ডেক্স:স

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন নাকচ করেছে সরকার। তার আবেদনের বিষয়ে আইনমন্ত্রীর মতামত পাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে তার ভাই শামীম এস্কান্দারের আবেদনটি গ্রহণ করতে পারলাম না।

আজ রোববার(৯মে) আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় খালেদা জিয়ার সাজা ও দণ্ডাদেশ স্থগিত করে যেভাবে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল, তাতে এখন আর তাকে বিদেশে যেতে দেওয়ার ‘‘সুযোগ নেই’’।’ আইনমন্ত্রীর এ মতামত পাওয়ার পর খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার আবেদন নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

গতকাল শনিবার(৮মে) খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে আনিসুল হক বলেন, এখানে আদালতের মতামতের প্রয়োজন নেই। আইনে তা বলে না। এর মানে, তারা অর্থাৎ সরকার যে মতামত দেবে, সেটিই চূড়ান্ত হবে। গত বৃহস্পতিবার বিএনপি নেত্রীর আবেদনের ফাইল পাওয়ার কথা জানান মন্ত্রী। এদিন, আবেদন দেখার পর বিষয়টিতে নিজের মতামত দেবেন বলে তিনি জানান।

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে লিখিত আবেদন জমা দেন তার ছোট ভাই শামীম এস্কান্দার। ওইদিন স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন শামীম এস্কান্দার। আবেদনটি পাওয়ার পরপরই তা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে ওই রাতেই পাঠানো হয়।

এদিকে দীর্ঘ ২৭ দিন পর করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার চিকিৎসায় গঠিত চিকিৎসক দলের এক সদস্য শনিবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তিনবার খালেদা জিয়ার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। শেষ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।