• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে করোনার ভারতীয় ধরন

দখিনের সময়
প্রকাশিত মে ১১, ২০২১, ১২:২৯ অপরাহ্ণ
বিশ্বের উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে করোনার ভারতীয় ধরন

দখিনের সময় ডেক্স:

করোনাভাইরাসের ভারতীয় ধরনকে ‘বিশ্বের উদ্বেগ’ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির কোভিড–১৯ বিষয়ক প্রধান মারিয়া ভান কেরখোভ এ কথা বলেছেন।

কোভিড–১৯ বিষয়ক প্রধান বলেন, ‘আমরা বিশ্বজুড়ে একে ভ্যারিয়েন্ট অব কনসার্ন হিসেবে চিহ্নিত করেছি।’ভারত ভ্যারিয়েন্ট এবং এর তিনটি সাব টাইপের বিষয়ে আরও তথ্য আজ মঙ্গলবার (১১মে) পাওয়া যাবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন মারিয়া ফন কারখোভ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এসব তথ্য উঠে এসেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করোনাভাইরাসের এই ধরনটির অতি সংক্রামক হওয়ার ইঙ্গিত মিলেছে বলে ডব্লিউএইচও জানিয়েছে। প্রায় দেড় বছর আগে মানুষে সংক্রমিত হওয়া নতুন করোনাভাইরাস রূপ বদল করে চলছে। এর মধ্যে গত বছর ভারতে এর যে পরিবর্তিত রূপ শনাক্ত হয়েছে, তার আনুষ্ঠানিক নাম বি.১.৬১৭ হলেও এটি ‘ইন্ডিয়া ভ্যারিয়েন্ট’ নামেই পরিচিতি পেয়েছে। প্রায় দুই ডজন দেশে পৌঁছেছে এই ধরনটি; এটার তিনটি ‘সাব টাইপ’র মধ্যে একটি বাংলাদেশেও শনাক্ত হয়েছে।

করোনাভাইরাসে শোচনীয় অবস্থা ভারতে। বিশ্বে দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ডের পর রেকর্ড হচ্ছে দেশটিতে। এজন্য বি.১.৬১৭’কে দায়ি করা হচ্ছে। ডব্লিউএইচও বলছে, বি.১.৬১৭ ভারতে প্রথম শনাক্ত হয়েছিল গত বছরের ডিসেম্বরে। তার আগে অক্টোবরে দেখা মিলেছিল তার আগের রূপটি।