• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিমুলিয়া-বাংলাবাজার রুটে চলছে ১৪ ফেরি, নেই যাত্রীদের গাঁদাগাদি

দখিনের সময়
প্রকাশিত মে ১১, ২০২১, ১৪:০৭ অপরাহ্ণ
শিমুলিয়া-বাংলাবাজার রুটে চলছে ১৪ ফেরি, নেই যাত্রীদের গাঁদাগাদি

দখিনের সময় ডেক্স:

গত কয়েকদিন শিমুলিয়া-বাংলাবাজার রুটে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেলেও আজ মঙ্গলবার (১১মে) দেখা যাচ্ছে তার উল্টো চিত্র। গত কয়েকদিনে যে ভিড়ে দেখা গেছে, আজ তার ছিটেফোঁটাও নেই। যাত্রী সংখ্যা হাতে গোনার মতো, তবে রয়েছে তিন শতাধিক পণ্যবাহী গাড়ির সারি।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন বলেন, এ মুহূর্তে ঘাটে ১৪টি ফেরি চলছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ঘাটে মানুষের কোনো জটলা নেই। ঘাটে ব্যক্তিগত কোনো পরিবহনও নেই। তবে ৩ শতাধিক মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান রয়েছে। ফেরিতে গণপরিবহন, প্রাইভেট কার যেতে না দেওয়ায় অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, জরুরি কোনো পরিবহনের সঙ্গে যাত্রীরা পারাপার হচ্ছে। অন্যান্য দিনের মতো গাঁদাগাদি না থাকায় আজ যাত্রীরা বেশ স্বস্তি নিয়ে পারাপার হচ্ছেন।

আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী শিমুলিয়া ঘাটের প্রবেশ মুখে নিজস্ব অবস্থানে আছে। ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে ঘাট থেকে প্রায় ১ কিলোমিটার দূরে রাস্তার ওপর। যাত্রীবাহী কোনো পরিবহন ঘাটে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে এই ১ কি.মি রাস্তা যাত্রীদের হেঁটে আসতে হচ্ছে।