• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি মেনে চালু হতে পারে লঞ্চ

দখিনের সময়
প্রকাশিত মে ২৩, ২০২১, ০৮:০৪ পূর্বাহ্ণ
স্বাস্থ্যবিধি মেনে চালু হতে পারে লঞ্চ

দখিনের সময় ডেক্স:

জনসাধারণ এবং লঞ্চ পরিবহন মালিক-শ্রমিকদের দুর্ভোগের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে চালু হতে পারে লঞ্চ। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলছেন, চলমান বিধিনিষেধ আর বাড়ছে কিনা- সে বিষয়ে রবিবার সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন কোনো নির্দেশনা না থাকলে লঞ্চ চলাচল শুরু হবে। তবে স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে।

এদিকে আগামী ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে আগের মতো লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থা। শনিবার(২২মে) বেলা ১১টায় সদরঘাটে সংগঠনটির এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ৬টি দাবি তুলে ধরেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল। তিনি বলেন, সড়ক পরিবহন আর নদীর পরিবহন এক না। এখানে খোলামেলা পরিবেশ। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আমরা যাত্রী পরিবহন করা যায়। তিনি বলেন, দীর্ঘদিন নৌযান বন্ধ থাকায় একদিকে যেমন শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যদিকে লঞ্চেরও ক্ষতি হচ্ছে। প্রতিদিন আমাদের ইঞ্জিন চালু করে রাখতে হয়। অনেক লঞ্চের ইঞ্জিন বিকল হয়ে গেছে। সরকারকে ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে। এসব করে আমাদের লাখ লাখ টাকা লোকসান হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা পথে বসে যাব।তাই আমরা সরকারকে অনুরোধ করছি অবিলম্বে যেন লঞ্চ চালু করে দেয়া হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, সরকারি নির্দেশনায় চলমান বিধিনিষেধের কারণে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে সব দিক বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে দ্রুতই লঞ্চ চলাচল শুরু হতে পারে। তবে এ বিষয়ে রবিবার সিদ্ধান্ত আসতে পাড়ে।