• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ের ‘নিখোঁজ’ প্রিন্সেস লতিফার ছবি হঠাৎ ইনস্টাগ্রামে

দখিনের সময়
প্রকাশিত মে ২৩, ২০২১, ০৮:২০ পূর্বাহ্ণ
দুবাইয়ের ‘নিখোঁজ’ প্রিন্সেস লতিফার ছবি হঠাৎ ইনস্টাগ্রামে

দখিনের সময় ডেক্স:

দুবাই-এর শাসকের মেয়ে প্রিন্সেস লতিফা গত কয়েক মাস ধরে নিখোঁজ রয়েছেন। কিন্তু হঠাৎ তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেখা গেছে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে প্রিন্সেস লতিফা তার বাবার বিরুদ্ধে তাকে জিম্মি করে রাখার অভিযোগ এনে বলেছিলেন, তিনি তার জীবন নিয়ে ভয়ে আছেন। এর পর এই প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি পোস্ট করা হলো। খবর সূত্র: বিবিসির।

ইনস্ট্রাগ্রামে পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, নিখোঁজ ওই প্রিন্সেস দুবাই-এর একটি মলে তার দুই বন্ধুর সঙ্গে বসে আছেন। সাথে কিছু মন্তব্য আছে যে তারা একটি দারুণ উপভোগ্য সন্ধ্যা কাটিয়েছেন। ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিটিতে প্রিন্সেস লতিফার পেছনে গত ১৩ই মে মুক্তি পাওয়া ‘ডেমন স্লেয়ার: মুগেন ট্রেন’ নামে একটি সিনেমার বিজ্ঞাপন দেখা যাচ্ছে। ছবিটি যদি সত্য হয় – তাহলে প্রিন্সেস লতিফা যে এখনও বেঁচে আছেন এটি হবে তার একটি প্রমাণ। তবে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি।

প্রিন্সেস লতিফা হচ্ছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ২৫ ছেলেমেয়ের একজন। ২০১৮ সালের ফেব্রয়ারি মাসে পারিবারিক বিধিনিষেধ ভাঙার চেষ্টায় পালাতে গিয়ে তিনি ভারত মহাসাগরে এক বোটে ধরা পড়েন এবং কম্যাণ্ডোরা তাকে দুবাইয়ে ফিরিয়ে নেয়। এর পর তিনি যে জীবিত আছেন তার প্রমাণ চেয়েছিল জাতিসংঘ, জবাবে দুবাইয়ের শাসক তা দেবেন বলে জানিয়েছিলেন।