• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে: বিএনপি

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১৯:০৭ অপরাহ্ণ
নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে: বিএনপি
দখিনের সময় ডেস্ক:
বিএনপি নেতারা অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক দল বর্তমান সরকারকে বিভ্রান্ত করতে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানোর চক্রান্ত চালাচ্ছে। তারা দাবি করেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দলকে অন্তর্বর্তী সরকারে সহযোগিতা করতে হবে। পাশাপাশি, রমজানের আগে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারের তৎপরতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীতে একাধিক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টির জন্য বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের বক্তব্য দিচ্ছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারা সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারের সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, সরকার ডিসেম্বরে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, তাই সেদিনেই নির্বাচন হতে হবে। মির্জা আব্বাস সরকারের প্রতি সরাসরি দাবি জানিয়েছেন, যাতে তারা তাদের পূর্বঘোষিত নির্বাচনী তারিখ অনুসরণ করে।
এদিকে, জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদনি ফারুক বলেছেন, কিছু রাজনৈতিক দল স্থানীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে, যা বিএনপি মেনে নেবে না। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের চক্রান্ত করলে বিএনপি তা প্রতিহত করবে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, বিএনপি সবসময় নির্বাচনের স্বার্থে প্রতিরোধ করবে এবং কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।