• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগের নিবন্ধন বাতিলের দাবি: নাসীরুদ্দীন পাটওয়ারী

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ২০:১৬ অপরাহ্ণ
আ. লীগের নিবন্ধন বাতিলের দাবি: নাসীরুদ্দীন পাটওয়ারী
দখিনের সময় ডেস্ক:
গণহত্যার দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবী জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার মতে, জাতীয় নির্বাচনের আগেই এই কার্যক্রমটি সম্পন্ন করতে হবে এবং এটি অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে করা উচিত। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পাটওয়ারী বলেন, “আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে,” এবং এই বিচার প্রক্রিয়া থেকে দলটি বেরিয়ে আসতে পারবে না।
তিনি আরও বলেন, “জাতিসংঘের রিপোর্টে আওয়ামী লীগের বিরুদ্ধে যে হত্যা ও নির্যাতনের অভিযোগ এসেছে, তা অত্যন্ত ভয়ানক। এসব অপরাধের জন্য তাদের শাস্তি হওয়া প্রয়োজন।” এর পরিপ্রেক্ষিতে তিনি দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। জাতীয় নির্বাচনের আগে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
নতুন রাজনৈতিক দল নিয়ে কথা বলতে গিয়ে পাটওয়ারী বলেন, তাদের দল হবে মধ্যপন্থী এবং সমাজে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি, তিনি গণপরিষদ নির্বাচনকে গুরুত্ব দেওয়ার জন্যও সবাইকে আহ্বান জানান, যাতে সামাজিক এবং রাজনৈতিক অবস্থা আরও শক্তিশালী হয়।