• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যা হয়েছে, সেটা ছিল এক অনিচ্ছাকৃত ভুল: হাসনাত

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১, ২০২৫, ১৭:৩১ অপরাহ্ণ
যা হয়েছে, সেটা ছিল এক অনিচ্ছাকৃত ভুল: হাসনাত
দখিনের সময় ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশের পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। সমালোচনার জবাবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দিয়ে ভুল হলে তা ধরিয়ে দিতে অনুরোধ জানান। শনিবার (১ মার্চ) বেলা ১১টা ৪১ মিনিটে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়।
হাসনাত তার পোস্টে লেখেন, “রাজনীতির বাইরে আমার প্রথম পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় নিয়ে গর্বিত, এবং ধর্মীয় মূল্যবোধের বাইরে গিয়ে কখনো রাজনীতি করবো না। দেশের মানুষের বিশ্বাস ও সংস্কৃতির প্রতি আমাদের সম্মান আছে, এবং আমরা কখনও এমন কিছু করবো না যা তাদের অনুভূতিতে আঘাত হানে।” তিনি আরও বলেন, “যা হয়েছে, সেটা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আমরা মানুষ, ভুল হতেই পারে। কিন্তু ভুল ধরিয়ে দিলে আমরা তা স্বীকার করে সংশোধন করার সাহস রাখি। ‘যদি’, ‘কিন্তু’ ছাড়াই আমরা আমাদের ভুলের দায় নেবো।”
হাসনাতের এই বক্তব্যের পর দলটির সমর্থকরা তার সততা ও দায়িত্বশীল মনোভাবের প্রশংসা করেছেন। তবে সমালোচকরা মনে করছেন, একটি নতুন দলের শুরুতেই এ ধরনের ভুলের পরিস্কার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন ছিল। এনসিপি এখন কীভাবে পরিস্থিতি সামাল দেয়, তা দেখার জন্য অনেকেই অপেক্ষায় আছেন।