• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুটি নিয়ন্ত্রণ করছে কয়েক ছাত্রনেতা সরকার ও প্রশাসন : নুর

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২, ২০২৫, ১৫:৪৬ অপরাহ্ণ
গুটি  নিয়ন্ত্রণ করছে কয়েক ছাত্রনেতা সরকার ও প্রশাসন : নুর
দখিনের সময় ডেস্ক:
গুটিকয়েক ছাত্রনেতার অযাচিত হস্তক্ষেপে সরকার ও প্রশাসনের বিভিন্ন স্তরে অস্বস্তি বাড়ছে বলে অভিযোগ করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (১ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর তৈরি হওয়া ঐক্য ক্রমেই ফাটল ধরছে, বিভাজন বাড়ছে, আর এর পেছনে নির্দিষ্ট কিছু ছাত্রনেতার ক্ষমতার অপব্যবহার কাজ করছে।
নুর বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটলেও, পরবর্তীতে সরকার গঠনে জন-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে একটি নির্দিষ্ট বলয়কেন্দ্রিক সরকার তৈরি হয়েছে। ফলে ছাত্রনেতাদের কেউ কেউ সরকারের নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রশাসনের কাজে অনধিকার চর্চা করছে, যা সাধারণ জনগণ ও সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, ‘সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টার একজন ইতোমধ্যে পদত্যাগ করে নতুন দল গঠন করেছেন। আমরা তাদের স্বাগত জানাই। তবে বাকি দুজনসহ ছাত্র প্রতিনিধিত্বকারী সবাইকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি, যাতে প্রশাসনের নিরপেক্ষতা রক্ষা পায়।’ পাশাপাশি, নতুন দলের আত্মপ্রকাশে সরকারি সম্পদ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন নুর, এবং সরকার গণহত্যার বিচার ও নির্দিষ্ট রাজনৈতিক দল নিষিদ্ধ করতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন।