• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট দিলেন ডা. জাহিদ

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৪, ২০২৫, ১৫:১৯ অপরাহ্ণ
খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট দিলেন ডা. জাহিদ
দখিনের সময় ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দুই মাস ধরে যুক্তরাজ্যে আছেন। লন্ডন ক্লিনিকে দীর্ঘদিন চিকিৎসা নেয়ার পর এখন বড় ছেলে তারেক রহমানের বাসায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। পরিবারের সঙ্গে থাকায় মানসিক স্বস্তি পেয়েছেন, যা তার শারীরিক সুস্থতাকে আরও এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তার মতে, আগের তুলনায় খালেদা জিয়ার অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল, এবং লন্ডনের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন।
চিকিৎসকদের পরামর্শ ও তার বর্তমান শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ডা. জাহিদ হোসেন। গত ৭ জানুয়ারি লন্ডনে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে প্রায় তিন সপ্তাহ চিকিৎসার পর তাকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি এখন বিশ্রামে আছেন। যুক্তরাজ্যের চিকিৎসকদের পাশাপাশি তার মেডিকেল বোর্ডের সদস্যরা নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজ রাখছেন।
২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাদণ্ডের পর ২০২০ সালে বিশেষ শর্তে মুক্তি পেলেও, খালেদা জিয়াকে কার্যত গৃহবন্দি থাকতে হয়েছিল। অবশেষে, দীর্ঘ আইনি জটিলতা ও রাজনৈতিক টানাপোড়েনের পর উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পান তিনি। বর্তমানে ৭৯ বছর বয়সী এই নেত্রী নতুন করে স্বস্তি খুঁজে পাচ্ছেন, আর বিএনপির নেতাকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।