• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন অনুষ্ঠান চলতি বছরে করা কঠিন হবে: নাহিদ

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৭, ২০২৫, ১৫:২৯ অপরাহ্ণ
নির্বাচন অনুষ্ঠান চলতি বছরে করা কঠিন হবে: নাহিদ
দখিনের সময় ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চলতি বছর সাধারণ নির্বাচন আয়োজন করা কঠিন হবে। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার এখনো জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ বলেন, “স্বল্পমেয়াদী কিছু সংস্কার হয়েছে, কিন্তু বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা ঝুঁকিপূর্ণ।” গত বছরের ছাত্র বিক্ষোভে শেখ হাসিনা সরকার পতনের পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ নির্বাচন হতে পারে। তবে নাহিদের মতে, আগে রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের সঙ্গে ঐকমত্য জরুরি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাহিদের যুব নেতৃত্বাধীন দলটি রাজনীতিতে নতুন দিক উন্মোচন করতে পারে। আওয়ামী লীগ ও বিএনপির দীর্ঘ আধিপত্যের পর, নতুন শক্তিগুলো আগাম নির্বাচনের দাবি তুলছে। তারা বলছে, ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সহিংসতায় বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দিরও আক্রান্ত হয়েছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলছে, এসব প্রতিবেদন অতিরঞ্জিত।
নাহিদ জানান, এনসিপি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত, তবে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’-এর ওপর ঐকমত্য দরকার। এটি জনগণের প্রত্যাশার প্রতিফলন এবং গত বছরের সহিংসতায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবে। নাহিদ বলেন, “যদি এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছানো যায়, তাহলে অবিলম্বে নির্বাচনের ডাক দেওয়া হবে। নাহলে নির্বাচন স্থগিত করা উচিত।” তিনি আরও জানান, দেশের ধনী ব্যক্তিরা এনসিপি-র অর্থায়নে সাহায্য করছেন, এবং দলটি শিগগিরই নতুন অফিস ও নির্বাচনী কার্যক্রমের জন্য তহবিল গঠন করবে।