• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় মানবাধিকারে গুরুতর আঘাত: জামায়াত আমির

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৯, ২০২৫, ১৫:১৬ অপরাহ্ণ
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় মানবাধিকারে গুরুতর আঘাত: জামায়াত আমির
দখিনের সময় ডেস্ক:
মাগুরায় শিশু ধর্ষণের মর্মান্তিক ঘটনায় মানবাধিকারের ওপর গভীর আঘাত হেনেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত প্রতিনিধি সম্মেলনে তিনি বলেন, এ ধরনের ঘটনা জাতির নৈতিক অবক্ষয়ের প্রতীক। রাষ্ট্রের দায়িত্ব মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচার নিশ্চিত করা, কিন্তু সঠিক প্রতিকার না পেলে সমাজ আরও অন্ধকারে তলিয়ে যেতে পারে।
জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে শফিকুর রহমান বলেন, নৈতিক শিক্ষার প্রসার ছাড়া সমাজে সুস্থ পরিবর্তন সম্ভব নয়। তিনি দাবি করেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষক দায়িত্বহীনতার পরিচয় দেন — তারা ঠিকমতো ক্লাস না নিয়ে শুধু বেতন তুলেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ সংকেত। তার মতে, শিক্ষকদের অবশ্যই তাদের দায়িত্ববোধ জাগ্রত করতে হবে, আর যদি শিক্ষকরা যথাযথভাবে দায়িত্ব পালন করেন, তবে রাষ্ট্রকেই তাদের নিরাপত্তা ও স্বীকৃতি নিশ্চিত করতে হবে।
সমাজের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে জামায়াতের আমির বলেন, মূল্যবোধের অভাবে সমাজের চাকা সৎপথে চলছে না। তিনি শিক্ষকদের পেশাটিকে নেশা হিসেবে গ্রহণের আহ্বান জানান, যেন তারা জাতির বিবেক জাগ্রত করতে পারেন। তার ভাষায়, “শিক্ষা যদি বাণিজ্যিক পণ্যে পরিণত হয়, তাহলে সমাজ ধ্বংসের দিকে ধাবিত হবে।” তাই নৈতিক শিক্ষা আর সুশিক্ষিত শিক্ষকের বিকল্প নেই।