দখিনের সময় ডেস্ক:
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সচেতন রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজের আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, “ফ্যাসিস্টদের পতনের পর জঙ্গি ও উগ্র মনোভাবাপন্ন গোষ্ঠীগুলো সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তাই দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমরা ভয়াবহ দানবীয় অবস্থা থেকে বেরিয়ে এসেছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত জয়কে সুসংহত করা। সবাইকে ধৈর্য ধরতে হবে, কারণ হত্যা, নিপীড়ন ও অস্থিরতা সমাজে গভীর ক্ষত তৈরি করেছে। ছাত্ররাও হতাশ হয়ে অসহিষ্ণু হয়ে উঠছে। এই অবস্থায় ধৈর্যের বিকল্প নেই।”
বিএনপির সংস্কার প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন, “আমরা চাই নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত নির্বাচন হোক, যাতে একটি বৈধ সরকার দায়িত্ব নিয়ে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে।” অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজে বিএনপির আরেকটি ইফতার মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, “বিশেষ দলগুলোর স্বার্থে সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাচনকালীন সময়ে সংস্কার করুন, নির্বাচিত সরকার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” তিনি আরও বলেন, “ড. ইউনূসের নেতৃত্বে দেশ দীর্ঘদিন পর শান্তি ফিরে পেয়েছে, কেউ যেন আবার দেশকে অশান্তির দিকে ঠেলে না দেয়।”