• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যের ডাক খালেদা জিয়ার

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৫, ১৮:৪০ অপরাহ্ণ
ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যের ডাক খালেদা জিয়ার
দখিনের সময় ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার (৩১ মার্চ) রাতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন খালেদা জিয়া। বলেন, “আপনাদের এত ত্যাগ-সংগ্রাম বৃথা যায়নি, যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশবাসীর ভোটাধিকার আবারও প্রতিষ্ঠা করতে হবে, সেটা একমাত্র ঐক্যের মাধ্যমেই সম্ভব।”
গণতন্ত্র ও ন্যায়ের পথে চলতে নেতাকর্মীদের পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, “দেশবাসীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন। মানুষ এখন আমাদের দিকে তাকিয়ে আছে। ঈদের শুভেচ্ছার পাশাপাশি দেশবাসীকে বলছি—আসুন আমরা এক হই, ঐক্যবদ্ধ হই, গণতন্ত্রকে ফিরিয়ে আনি।” সভায় অংশ নেওয়া অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন তার বক্তব্য শুনে। তিনি নেতাকর্মীদের দোয়া কামনা করেন এবং দেশবাসীকে ঈদ মোবারক জানান।
ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এ ভার্চ্যুয়াল শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি সূচনা বক্তব্যে খালেদা জিয়া ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা, ভাইস-চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিল সদস্য, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।