• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আসছেন খালেদা, সঙ্গে দুই পুত্রবধূ

দখিনের সময়
প্রকাশিত মে ৪, ২০২৫, ১৮:০৮ অপরাহ্ণ
দেশে আসছেন খালেদা, সঙ্গে দুই পুত্রবধূ
দখিনের সময় ডেস্ক:
চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এই সফরে তার সঙ্গে থাকবেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার সন্ধ্যার পর যুক্তরাজ্য থেকে রওনা হবেন খালেদা জিয়া। আগে ঘোষণা ছিল তিনি সোমবারেই ফিরবেন, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স নিশ্চিত হতে বিলম্ব হওয়ায় একদিন পিছিয়ে মঙ্গলবার তাকে নিয়ে ঢাকায় পৌঁছাবে ফ্লাইটটি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রার সময়সূচি পুরোপুরি নির্ভর করছিল কাতারভিত্তিক বিশেষ ফ্লাইটের ওপর, যা অবশেষে নিশ্চিত হয়েছে।
বিএনপি নেত্রীর আগমন উপলক্ষে দল ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলার সঙ্গে বরণ করার নির্দেশ দিয়েছেন। বিমানবন্দরে নেত্রীকে স্বাগত জানাতে সমর্থকদের জন্য নির্দিষ্ট গাইডলাইনও দেওয়া হয়েছে বলে জানা গেছে। খালেদা জিয়ার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির ভেতরে নতুন উদ্দীপনার সঞ্চার হয়েছে।