• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষা সামনে, বেগম জিয়াকে স্বাগতেও সতর্ক বিএনপি

দখিনের সময়
প্রকাশিত মে ৫, ২০২৫, ১৭:৫৩ অপরাহ্ণ
পরীক্ষা সামনে, বেগম জিয়াকে স্বাগতেও সতর্ক বিএনপি
দখিনের সময় ডেস্ক:
দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন। তার ফ্লাইট সকাল সাড়ে ১০টায় ঢাকায় অবতরণের কথা রয়েছে। কিন্তু ওই দিনই এসএসসি পরীক্ষা থাকায় ছাত্রছাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখতে নেতাকর্মীদের জন্য ভিন্নধর্মী নির্দেশনা দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাতেই অবস্থান করতে হবে, সড়কে যেন কেউ না নামেন—এ বিষয়ে তিনি সবাইকে অনুরোধ জানিয়েছেন।
সময় সংবাদকে দেওয়া এক বক্তব্যে মির্জা ফখরুল বলেন, কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়া দেশে ফিরবেন। তিনি জানান, মঙ্গলবার সকালে একদিকে এসএসসি পরীক্ষার্থীরা বের হবে, অন্যদিকে নেতাকর্মীরা খালেদা জিয়াকে স্বাগত জানাবে—এই দুই গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় থাকার আহ্বানও জানান তিনি। কেউ যেন সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি দেশ ছেড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। যুক্তরাজ্যে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। সেখানকার ১৭ দিনের হাসপাতালে থাকার পর বর্তমানে তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা চলেছে পুরো সময়জুড়ে। দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে আবারো রাজনীতিতে সক্রিয় হবেন কি না, তা নিয়ে দলের ভেতরে-বাইরে আলোচনা চলছেই।