• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেতাকর্মীদের ঘরে ফেরার অনুরোধ ফখরুলের

দখিনের সময়
প্রকাশিত মে ৬, ২০২৫, ১৭:০২ অপরাহ্ণ
নেতাকর্মীদের ঘরে ফেরার অনুরোধ ফখরুলের
দখিনের সময় ডেস্ক:
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে রাজধানীর ফিরোজা বাসভবনের সামনে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। তবে নেতাকর্মীদের প্রতি ভিড় না করে যার যার বাসায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ মে) দুপুরে ফিরোজার সামনে হ্যান্ডমাইকে বক্তব্য দিয়ে তিনি বলেন, “আপনারা দয়া করে যার যার বাসায় চলে যান। ম্যাডামকে অন্তত ৮ ঘণ্টা বিশ্রামে থাকতে দিতে হবে। এরপর দেখা করবেন।”
নেতাকর্মীরা তখনো স্লোগান দিতে থাকায় ফখরুল আরও বলেন, “আমরা আপনাদের কৃতজ্ঞ। কিন্তু দলের পক্ষ থেকে অনুরোধ করছি, এখন আর কেউ ভিড় করবেন না, স্লোগান দেবেন না। ম্যাডামের বিশ্রাম অত্যন্ত জরুরি।” সকালে কাতার থেকে আসা রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি ১০টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ফখরুলসহ সিনিয়র নেতারা। সেখান থেকে ১১টা ২৫ মিনিটে রওনা দিয়ে খালেদা জিয়া দুপুর ১টা ২৫ মিনিটে ফিরোজায় পৌঁছান। পথে হাজারো নেতাকর্মীর ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হন বিএনপি নেত্রী।
এর আগে লন্ডন থেকে রওনা হওয়ার সময় তারেক রহমান নিজেই মাকে নিয়ে হিথ্রো বিমানবন্দরে যান, যেখানে বিদায় মুহূর্ত ছিল আবেগঘন। ১৭ বছর পর ছেলের কাছ থেকে বিদায় নিয়ে, ৪ মাসের চিকিৎসা ও পারিবারিক সময় কাটিয়ে দেশে ফিরেছেন খালেদা জিয়া। সঙ্গে ফিরেছেন তার পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যরা, আরও ছিলেন যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতারা। ফিরোজায় পৌঁছেই শুরু হয়েছে তার বিশ্রামের পর্ব—এবার অপেক্ষা, রাজনীতির নতুন ধাপের।