• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দর কেলেঙ্কারি: দুদকে তলব শেখ হাসিনা

দখিনের সময়
প্রকাশিত মে ৭, ২০২৫, ১৮:০৬ অপরাহ্ণ
বিমানবন্দর কেলেঙ্কারি: দুদকে তলব শেখ হাসিনা
দখিনের সময় ডেস্ক:
বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের আড়ালে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) সংস্থার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদের ৮ মে হাজির হতে বলা হয়েছে। শেখ হাসিনাকে পাঠানো নোটিশ ধানমন্ডির সুধাসদন এবং গোপালগঞ্জের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়েছে।
তদন্ত সূত্রে জানা গেছে, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পগুলোতে দীর্ঘ ১৫ বছর ধরে প্রতারণা, জালিয়াতি এবং অর্থ আত্মসাতের অভিযোগে একটি পূর্ণাঙ্গ অনুসন্ধান চালানো হচ্ছে। ইতিমধ্যে সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার হয়েছেন, সাবেক সচিব মোকাম্মেল হক পলাতক এবং শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। ৩০ ডিসেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানসহ শীর্ষ ৮ কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু করে দুদক।
এই অনুসন্ধানে নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম। তার নেতৃত্বে গঠিত সাত সদস্যের বিশেষ টিমের কাজ চলছে। তালিকায় আরও রয়েছেন সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, যিনি বর্তমানে গা ঢাকা দিয়ে আছেন এবং যার বিরুদ্ধে হত্যা ও গুমসহ একাধিক অভিযোগ রয়েছে। গত ২৭ জানুয়ারি তিনটি বিমানবন্দরের প্রকল্প থেকে ৮১২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় চারটি মামলা করা হয়। সব মিলিয়ে বিমানবন্দর উন্নয়নের নামে বড় ধরনের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিস্তৃত চিত্র উঠে আসছে দুদকের অনুসন্ধানে।