• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ নয়, শান্তি চায় জামায়াত আমির

দখিনের সময়
প্রকাশিত মে ৭, ২০২৫, ১৮:০৮ অপরাহ্ণ
যুদ্ধ নয়, শান্তি চায় জামায়াত আমির
দখিনের সময় ডেস্ক:
কাশ্মীরে পর্যটক হত্যাকে ঘিরে ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা আর পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে শান্তির বার্তা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৭ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি দুই প্রতিবেশী রাষ্ট্রকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। তিনি বলেন, “হামলা বা পাল্টা হামলা কখনোই স্থায়ী সমাধান নয়—এটি বরং আরও বিপর্যয় ডেকে আনে।”
ডা. শফিকুর রহমান বলেন, সম্প্রতি পেহেলগামে যে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছেন, সেটি নিন্দনীয় এবং দুঃখজনক। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা ও ক্ষেপণাস্ত্র বিনিময় ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে, যা শুধু এই দুই রাষ্ট্র নয়, পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। তিনি আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ ও একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
তিনি আরও বলেন, “যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না। বরং বহু নিরীহ প্রাণ হারায়, ধ্বংস হয় সভ্যতা ও স্থিতিশীলতা।” কাশ্মীর সংকটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের প্রতি জোর দিয়ে তিনি বলেন, কাশ্মীরের জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি মানবিক ও বাস্তবসম্মত নিষ্পত্তি হওয়া উচিত।