• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে গণ অধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

দখিনের সময়
প্রকাশিত মে ৮, ২০২৫, ১৭:৩৮ অপরাহ্ণ
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে গণ অধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম
দখিনের সময় ডেস্ক:
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে গণ অধিকার পরিষদ। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, প্রধান উপদেষ্টার সবুজ সংকেত ও স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতাতেই ‘ডামি রাষ্ট্রপতি’ দেশ ছাড়তে পেরেছেন। বৃহস্পতিবার (৮ মে) সচিবালয়ে স্মারকলিপি দিয়ে গণমাধ্যমের সামনে তিনি বলেন, “আমরা জানি, এই দুই উপদেষ্টার সমন্বিত সহায়তায় পালিয়েছে সে।” তিনি স্পষ্ট ভাষায় বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই দাবিতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারির কাছে স্মারকলিপি জমা দেন।
এর আগে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল সহকারে সচিবালয়ের দিকে রওনা দেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে একটি ১০ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করে। এ সময় রাশেদ খান সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আরও বলেন, ছাত্র উপদেষ্টা ও মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধিদের উপস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্য তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি দুই ছাত্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করেন।
আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যকে ‘দলীয় পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে রাশেদ খান বলেন, “এটি সরাসরি আওয়ামী লীগকে সুবিধা দেয়ার ইঙ্গিত।” তিনি হুঁশিয়ার করে বলেন, দাবি না মানলে জাতীয় সরকারের রূপরেখায় নতুন করে আন্দোলনে নামবে গণ অধিকার পরিষদ। তিনি বলেন, “সরকার যদি নিরপেক্ষ না হয়, বিচার যদি দলীয় হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”