• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে সদস্য সংগ্রহের ঝড়, লক্ষ্য এক কোটি

দখিনের সময়
প্রকাশিত মে ৮, ২০২৫, ১৮:০৯ অপরাহ্ণ
বিএনপিতে সদস্য সংগ্রহের ঝড়, লক্ষ্য এক কোটি
দখিনের সময় ডেস্ক:
আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত সারাদেশে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চালাবে বিএনপি। দলটির লক্ষ্য, এক কোটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করা। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “পূর্বে আওয়ামী লীগের সঙ্গে থাকলেও যারা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তারাও বিএনপির সদস্য হতে পারবেন।”
প্রেসক্লাবে এক আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, “এখনও ভোটের জন্য দাবি জানাতে হচ্ছে—এটি সবচেয়ে লজ্জাজনক বিষয়। যারা গণতন্ত্র ফেরাতে আন্দোলনে ছিলেন না, তারা এখন সরকার চালাচ্ছেন। আমি তাদের ছোট করছি না, তবে ইতিহাস মনে রাখবে কারা রাস্তায় ছিল।” তিনি আরও বলেন, “বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়, বরং একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনেই আমরা ভোটের দাবি করছি। বিএনপি ছাড়া বাংলাদেশ চালানোর মতো দ্বিতীয় কোনো দল নেই।”
আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, “জনগণের বিপক্ষে দাঁড়ানোরা ইতিহাসের আস্তাকুঁড়ে পড়ে। যারা ক্ষমতার লোভে হাসিনার পথে হাঁটবে, তারাও সেই পরিণতি এড়াতে পারবে না।” অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির পরিবর্তে সংস্কারের পক্ষে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি জানান, “বিএনপি টানা ১৭ বছর নির্বাচনের দাবিতে রাজপথে ছিল। এখন গণতন্ত্রে ফেরার একমাত্র পথ হলো নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন।”