• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়: তারেক

দখিনের সময়
প্রকাশিত মে ৯, ২০২৫, ১৯:০৪ অপরাহ্ণ
দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়: তারেক
দখিনের সময় ডেস্ক:
দেশ গঠনে ঐক্যের ডাক দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ কোনো দলের কিংবা ব্যক্তির সম্পত্তি নয়—এই দেশ জণগণের। শুক্রবার (৯ মে) রাজধানীর খামারবাড়িতে ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যেই প্রত্যাশা নিয়ে এ দেশ স্বাধীন হয়েছিল, তা পূরণ হয়নি। আওয়ামী লীগ সেই মুক্তিযুদ্ধের চেতনাকে দলীয় স্বার্থে ব্যবহার করে সংবিধানকেই নিজেদের দলীয় বইতে রূপান্তর করেছে। তাই সংবিধান পুনর্লিখন বা সংস্কার আজ সময়ের দাবি।
তারেক রহমান আরও বলেন, “পাঁচ আগস্ট যেভাবে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন, একইভাবে গা ঢাকা দিয়েছিলেন আবদুল হামিদও। তখনকার অন্তর্বর্তী সরকার নাকি কিছুই জানত না! তাহলে তারা আসলে জানত কী?” তার বক্তব্যে উঠে আসে—সংস্কারের নামে একটি পক্ষ দেশ ছাড়ার পথ তৈরি করছে ক্ষমতাবানদের জন্য, আরেকদিকে বিরোধী জোটে বিভেদ তৈরি করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন দুর্বল করার চেষ্টা চলছে। এতে জনগণের স্বার্থ উপেক্ষিত হচ্ছে, যা কখনোই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, “ফ্যাসিস্ট শক্তির পতনের পর দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সুযোগ এসেছে। এখন আমাদের সবচেয়ে বেশি দরকার ঐক্য। যতদিন আমরা বিভক্ত থাকব, ততদিন ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দেবে। তাই প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, যেন এই দেশ আর কোনোদিন কারও একক দখলে না যায়।”