• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায় : সারজিস আলম

দখিনের সময়
প্রকাশিত মে ৯, ২০২৫, ২০:৩৯ অপরাহ্ণ
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায় : সারজিস আলম
দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় শুক্রবার বিকেল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্রশিবির, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের হাজারো কর্মী মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। তাদের কণ্ঠে ছিল একটিই দাবি—আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘শেখ হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা। বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যার পর তা আরও ঘনীভূত হয়, বাংলামোটর থেকে শুরু করে মিন্টো রোড হয়ে আপ বাংলাদেশের ও শিবিরের শত শত নেতাকর্মী যোগ দেন শাহবাগ অবরোধে।
এই প্রেক্ষাপটে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম একটি আহ্বান জানান বিএনপিকে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বিএনপি ছাড়া এখন সবাই শাহবাগে। বিএনপি এলে ঐতিহাসিক জুলাইয়ের ঐক্য আবার গড়ে উঠবে।” তিনি আরও লেখেন, “এই শাহবাগ কেবল একটি মোড় নয়, এটি এখন ইতিহাসের অংশ এবং আগামী রাজনীতির মানচিত্র নির্ধারণের ক্ষেত্র। ঐক্যবদ্ধ শাহবাগ এখন কেবল বিএনপির অপেক্ষায়।” তাঁর এই আহ্বানে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে—আসবে কি বিএনপি?
এদিকে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। সন্ধ্যা গড়াতে গড়াতে মাদ্রাসা শিক্ষার্থীসহ আরও অনেক রাজনৈতিক কর্মী শাহবাগে যোগ দেন, যার ফলে গোটা এলাকা রূপ নেয় এক বিশাল রাজনৈতিক জমায়েতে। শহরের প্রধান সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। পরিস্থিতি যেন ক্রমেই ফিরে যাচ্ছে সেই জুলাই আন্দোলনের স্মৃতিময় দিনে, যখন ঢাকার রাজপথে সাধারণ মানুষ ও ছাত্ররাজনীতি এক কণ্ঠে আওয়াজ তুলেছিল ‘আজাদী চাই’। এখন দেখার পালা, বিএনপি এই ডাকে সাড়া দেয় কি না।