• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের সব কার্যক্রম স্থগিত: উপদেষ্টা পরিষদ

দখিনের সময়
প্রকাশিত মে ১১, ২০২৫, ১৭:৫৭ অপরাহ্ণ
বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের সব কার্যক্রম স্থগিত: উপদেষ্টা পরিষদ
দখিনের সময় ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ নিরাপত্তা ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের অনলাইন ও অফলাইন—সব কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের আজকের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। এই সংশোধনী অনুযায়ী, ট্রাইব্যুনাল এখন থেকে শুধু ব্যক্তিকে নয়, রাজনৈতিক দল বা তার সহযোগী সংগঠনকেও বিচারের আওতায় আনতে পারবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। সভায় সিদ্ধান্ত হয়, বিচার চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি ও প্রচারণা বন্ধ রাখতে হবে, যাতে বিচার প্রক্রিয়া অবাধ ও নিরপেক্ষ থাকে।
সভায় আরও জানানো হয়, বিচারাধীন মামলার প্রেক্ষাপটে ‘জুলাই আন্দোলনের’ নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করা হবে। একইসঙ্গে ‘জুলাই ঘোষণাপত্র’ ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উল্লেখ্য, শনিবার রাত ৮টায় শুরু হওয়া এই বৈঠক প্রায় তিন ঘণ্টা ধরে চলে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ আলোচনার জন্ম দেয়।