• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ নিষিদ্ধ, সরকারের প্রজ্ঞাপন জারি

দখিনের সময়
প্রকাশিত মে ১২, ২০২৫, ১৭:১০ অপরাহ্ণ
আ.লীগ নিষিদ্ধ, সরকারের প্রজ্ঞাপন জারি
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দেশের বিভিন্ন অঞ্চলে বিরোধী দলের কর্মী ও সাধারণ জনগণের ওপর নিপীড়ন, গুম, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ নানা মানবতাবিরোধী অপরাধ চালিয়েছে। বিশেষ করে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দলটির কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পৌঁছায়, যা দেশি-বিদেশি প্রতিবেদনে সুস্পষ্টভাবে উঠে এসেছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও দেশের আদালতগুলোতে অসংখ্য মামলা বিচারাধীন রয়েছে। কিন্তু এসব বিচারে বাধা সৃষ্টি, সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালিয়ে যেতে তারা পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়া ও মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে। প্রজ্ঞাপনে অভিযোগ করা হয়, দলটি দেশের সার্বভৌমত্ব ও সংহতির জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। তাই সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এবং সংশোধিত অধ্যাদেশ ২০২৫ অনুসারে, তাদের বিরুদ্ধে বিচার চলমান থাকা অবস্থায় সবধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া দলটির এবং এর অঙ্গ সংগঠনগুলোর কোনো ধরনের প্রচার, সভা-সমাবেশ, মিছিল, পোস্টার, অনলাইন বা গণমাধ্যমে প্রচারণা—সবকিছু নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। সরকার জানিয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।