• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারে দেরি, দাবিতে না: বললেন ফখরুল

দখিনের সময়
প্রকাশিত মে ১৩, ২০২৫, ১৮:২৬ অপরাহ্ণ
বিচারে দেরি, দাবিতে না: বললেন ফখরুল
দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনার দাবি বিএনপি আগেই তুলেছিল বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক হত্যা, গুম এবং দমন-পীড়নের অভিযোগে ফেব্রুয়ারির ১০ তারিখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাতে দেওয়া চিঠিতেই তারা এ দাবি জানিয়েছেন। এরপর ১৬ এপ্রিল দেওয়া আরেক চিঠিতে ‘ফ্যাসিবাদী শক্তির বিচার করে রাজনীতির মাঠকে জঞ্জালমুক্ত’ করার কথা পুনরায় জানানো হয়।
রবিবার (১১ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ফখরুল বলেন, “আলোচনার সময়ও আমরা বলেছি—আইনি পথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত ও সম্ভব। বিভিন্ন সভা-সমাবেশেও এ দাবি আমরা স্পষ্টভাবে জানিয়েছি।” তিনি বলেন, সরকার দেরিতে হলেও যে পদক্ষেপ নিয়েছে, তাতে বিএনপি সন্তোষ প্রকাশ করছে। শনিবার রাতে অন্তর্বর্তী সরকার যেভাবে ‘মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নির্বিঘ্ন করতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সব কার্যক্রম স্থগিত করেছে’, তা সময়োপযোগী পদক্ষেপ বলেই মনে করে দলটি।
তবে ফখরুলের মতে, যদি আগেই এসব সিদ্ধান্ত গ্রহণ করা হতো, তাহলে সরকারকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে বিব্রত হতে হতো না। বিবৃতিতে তিনি আরও বলেন, “প্রাসঙ্গিক আইন সংশোধন করে যে বিচারিক প্রক্রিয়ায় খুন, গুম, নিপীড়ন ও দীর্ঘ দিনের দুঃশাসনের দায়ে আওয়ামী লীগের বিচার করা হবে—তা একটি সঠিক ও প্রয়োজনীয় উদ্যোগ।” এ সময় তিনি দ্রুত একটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রোডম্যাপ ঘোষণারও আহ্বান জানান।