• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফারাক্কা এখন জলবিনাশের ফাঁদ: ফখরুল

দখিনের সময়
প্রকাশিত মে ১৫, ২০২৫, ১৮:২১ অপরাহ্ণ
ফারাক্কা এখন জলবিনাশের ফাঁদ: ফখরুল
দখিনের সময় ডেস্ক:
ফারাক্কা বাঁধকে এখন ‘মরণফাঁদ’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বুধবার (১৫ মে) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভারত একতরফাভাবে গঙ্গা নদীর পানি প্রত্যাহার করায় বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে। এই বাঁধ শুধু পরিবেশের ভারসাম্যই নষ্ট করেনি, মানুষের জীবিকাও বিপর্যস্ত করেছে।
তিনি বলেন, আজ থেকে ৪৯ বছর আগে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আহ্বানে লাখো মানুষ ফারাক্কা অভিমুখে লংমার্চে অংশ নেয়। ভারতের গঙ্গা পয়েন্টে বাঁধ নির্মাণের প্রতিবাদে এ আন্দোলন ছিল পানির ন্যায্য হিস্যার জন্য এক ঐতিহাসিক উদ্যোগ। কিন্তু আজও সেই সমস্যা সমাধান হয়নি। তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতকে “পরীক্ষামূলকভাবে” বাঁধ চালুর অনুমতি দিয়ে বড় ভুল করেছিল, যার মাশুল এখনো দেশের মানুষ দিচ্ছে।
মির্জা ফখরুল আরও বলেন, ভারত আন্তর্জাতিক নিয়ম-নীতি উপেক্ষা করে ৫৪টি অভিন্ন নদীর উপর একের পর এক বাঁধ তৈরি করছে। এতে বাংলাদেশের নদীপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে বিপজ্জনক রূপ নিচ্ছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কূটনৈতিক উদ্যোগের অভাবে বাংলাদেশ আজ ভয়াবহ পানি সংকট ও পরিবেশগত বিপর্যয়ের মুখে। ফারাক্কা দিবসের তাৎপর্য আজও তীব্রভাবে প্রাসঙ্গিক—এটি শুধু অতীতের ইতিহাস নয়, এটি বর্তমানের অস্তিত্ব রক্ষার প্রশ্ন।