• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্যের মৃত্যু রাজনৈতিক খুন, অভিযোগ রিজভীর

দখিনের সময়
প্রকাশিত মে ১৬, ২০২৫, ১৯:৫৮ অপরাহ্ণ
সাম্যের মৃত্যু রাজনৈতিক খুন, অভিযোগ রিজভীর
দখিনের সময় ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর মৃত্যু নিয়ে রাজনীতি তুঙ্গে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরাসরি এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, “সাম্য কয়েক দিন আগে একটি রাজনৈতিক পোস্ট দিয়েছিলেন। আন্দোলনের সময় যারা দেশের পক্ষে দাঁড়ায়, তাদেরকেই হত্যা করা হচ্ছে। ভবঘুরে এসে তাকে খুন করবে—এটা গল্প হতে পারে, বাস্তব নয়।”
রিজভী অভিযোগ করেন, “জাতীয় সংগীতের বিরোধিতাকারীদের বিরুদ্ধে সাম্যর অবস্থান ছিল। এটাই কি তার মৃত্যুর কারণ?” তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের দাবির প্রতি উদাসীন, বরং তাদের সঙ্গে ‘তুইতকারি’ করেন। তিনি ভিসি ও প্রক্টরকে একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শের অনুসারী বলেও উল্লেখ করেন। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “শিক্ষাঙ্গনে কেন রক্ত ঝরবে? কেন ছাত্রদের জীবন দিতে হবে?”
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এক দলকে সাদরে গ্রহণ করা হয়, আর অন্যদিকে আবাসনের দাবি নিয়ে জবি শিক্ষার্থীরা গেলে তাদের ওপর হামলা হয়—এটা দ্বিচারিতা নয় তো কী? রিজভী হুঁশিয়ার করে বলেন, সাম্য হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা সরকারের জন্য বিপজ্জনক হতে পারে। “সাম্যের রাজনৈতিক প্রতিপক্ষ কারা, সেটা খুঁজে বের করে বিচার নিশ্চিত করতেই হবে,” যোগ করেন তিনি।