• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউনের ব্যাপারে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেয়া যাবে

দখিনের সময়
প্রকাশিত মে ৩১, ২০২১, ১৭:০৭ অপরাহ্ণ
লকডাউনের ব্যাপারে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেয়া যাবে

দখিনের সময় ডেক্স:

করোনাভাইরাসের পরিস্থিতি খারাপ হলে স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন ও জনপ্রতিনিধিরা পুরো জেলা বা আংশিক এলাকায় লকডাউন দিতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার(৩১মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। এ সময় বিষয়টি নিয়ে ‘পরিষ্কার’ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি  ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে। এ বিষয়ে পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনা সংক্রমণের পরিস্থিতি বুঝে সীমান্তের সাত জেলায় লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া আছে।

গত শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করে। এসব জেলায় সংক্রমণ বেশি। এ ছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানায় কমিটি। বিশেষজ্ঞ কমিটি এ সুপারিশ গতকাল রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানায়। আজ মন্ত্রিসভার বৈঠকে সাত জেলার লকডাউনের বিষয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা জানাল।