• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের চোখে সফল শল্যচিকিৎসা, পূর্ণ বিশ্রামে দুই সপ্তাহ

দখিনের সময়
প্রকাশিত মে ১৭, ২০২৫, ১৮:০৬ অপরাহ্ণ
মির্জা ফখরুলের চোখে সফল শল্যচিকিৎসা, পূর্ণ বিশ্রামে দুই সপ্তাহ
দখিনের সময় ডেস্ক:
চোখের সফল অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যাংককের রুটনিন আই হসপিটালে চিকিৎসাধীন ফখরুলকে দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শনিবার (১৭ মে) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, বাম চোখে অস্ত্রোপচারের পর এখন তাঁর অবস্থা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং তিনি প্রতিনিয়ত উন্নতির দিকে যাচ্ছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, বিমান ভ্রমণের সময় কেবিনের এয়ার প্রেসার ওঠানামা করলে চোখে জটিলতা তৈরি হতে পারে। সে কারণেই ফখরুলকে আগামী দুই সপ্তাহ ফ্লাইটে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর ডান চোখে বর্তমানে কোনো সমস্যা না থাকলেও বাম চোখে কালো গ্লাস ব্যবহার, নির্ধারিত শারীরিক অবস্থান বজায় রাখা এবং বিছানায় বিশ্রামে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এই মুহূর্তে তাঁর পাশে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগমসহ নিকটাত্মীয়রা।
অধ্যাপক জাহিদ হোসেন আরও জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতভাবে মহাসচিবের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। বিএনপি মহাসচিব দেশবাসীর দোয়া এবং শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত ১৪ মে ব্যাংককের রুটনিন আই হসপিটালে তাঁর বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। সবকিছু ঠিকঠাক চললে চিকিৎসকদের অনুমতি পাওয়ার পর তিনি শিগগিরই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।