• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই ঐক্যের অভিযোগ: প্রশাসনে দলীয় দোসরদের তালিকা প্রকাশ

দখিনের সময়
প্রকাশিত মে ২০, ২০২৫, ১৮:৪০ অপরাহ্ণ
জুলাই ঐক্যের অভিযোগ: প্রশাসনে দলীয় দোসরদের তালিকা প্রকাশ
দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগ সরকারের পতনের পরও প্রশাসনে দলীয় প্রভাবশালী দোসররা সক্রিয় রয়েছে—এমন অভিযোগ তুলে ৪৪ জন সচিব ও ৯৫ জন ম্যাজিস্ট্রেটের একটি তালিকা প্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’। জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করে তারা বলেন, এসব কর্মকর্তারা আগের শাসকদের হয়ে কাজ করে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছেন। এদের বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং তদন্তের আওতায় আনতে সরকারকে ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে প্ল্যাটফর্মটি।
জুলাই আন্দোলনে শহীদ হওয়া মুনতাছির রহমান আরিফের বাবা গাজিউর রহমান বলেন, যারা গণতন্ত্রের নামে স্বৈরাচার কায়েম করেছিল, তারা আজো বহাল তবিয়তে। বিচারপ্রক্রিয়া ঝিমিয়ে পড়েছে, বরং ভুক্তভোগীরাই হুমকির মুখে পড়ছে। জুলাই ঐক্যের নেতা প্লাবন তারিক অভিযোগ করেন, বহু সচিব দলীয় আনুগত্যের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন, কেউ কেউ অতীতে ডিসি হয়ে বাড়িঘর ভাঙার নির্দেশও দিয়েছেন। একইসঙ্গে ৯৫ ম্যাজিস্ট্রেটের নামও প্রকাশ করা হয়, যাদের বিরুদ্ধে ছাত্র ও জনতার ওপর গুলি চালানোর অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যদি সরকার নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের অপসারণ ও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না দেখাতে পারে, তবে ‘মার্চ টু সচিবালয়’সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সাত দফা দাবির মধ্যে রয়েছে: সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ, ১৩২ ধারা বাতিল অথবা সংশোধন এবং সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ। জুলাই ঐক্য জানায়, তারা ঝুঁকি নিয়েই তালিকাগুলো প্রকাশ করছে, কারণ প্রশাসনের সংস্কার ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।