• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইশরাক ইস্যুতে উত্তাল নগর ভবন, যান চলাচল বন্ধ

দখিনের সময়
প্রকাশিত মে ২১, ২০২৫, ২০:২৭ অপরাহ্ণ
ইশরাক ইস্যুতে উত্তাল নগর ভবন, যান চলাচল বন্ধ
দখিনের সময় ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে আজ টানা সপ্তম দিনের মতো বিক্ষোভে উত্তাল নগর ভবন এলাকা। বুধবার (২১ মে) সকাল থেকেই তার সমর্থকরা নগর ভবনের ভেতরে ও বাইরে জড়ো হয়ে মিছিল করেন। মৎস্য ভবন মোড় দখলে নিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। হাইকোর্ট গেট, প্রেসক্লাব এবং শিক্ষা ভবনের দিক থেকেও সমর্থকদের ঢল নামে। সব মিলিয়ে পুরো এলাকা কার্যত অচল হয়ে পড়ে।
বিক্ষোভকারীরা নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং করপোরেশনের বিভিন্ন বিভাগের দফতরগুলোও বন্ধ করে দেয়। ফলে আজও ডিএসসিসির সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। নগর ভবনের সামনের সড়কে জনসাধারণের উপস্থিতি নেই বললেই চলে। আন্দোলনকারীরা জানান, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরেও ইশরাককে শপথ না পড়ানো সাংবিধানিক লঙ্ঘন। এ অবস্থায় দ্রুত তাকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে তারা রাজপথ ছাড়ছেন না।
এদিকে, ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিটের শুনানি শেষে আদেশ দেয়ার কথা রয়েছে আজ দুপুরে। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেবেন। এর আগে, ১৪ মে রিট আবেদন করেন ডিএসসিসির বাসিন্দা মো. মামুনুর রশিদ। রিটে ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাওয়া হয়, যিনি গত ২৭ মার্চ বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছিলেন।