• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরপেক্ষতার প্রশ্নে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি ইশরাকের

দখিনের সময়
প্রকাশিত মে ২১, ২০২৫, ২০:৪৯ অপরাহ্ণ
নিরপেক্ষতার প্রশ্নে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি ইশরাকের
দখিনের সময় ডেস্ক:
রাজপথে সরব হয়েই অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। কাকরাইলের এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের অংশ হয়ে নিরপেক্ষতা নষ্ট করছেন। ইশরাকের অভিযোগ, তাদের ষড়যন্ত্রমূলক অপপ্রচারের কারণে রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে এবং সরকারের ভেতর থেকেই নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে।
সমাবেশে ইশরাক বলেন, “নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সরকারের ভেতরের কিছু গোষ্ঠী বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের উপর প্রভাব বিস্তার করছে।” তিনি আরও যোগ করেন, “আমি যে দলের ওপর ভরসা করেছিলাম, তারা গঠন হওয়ার পরও সরকারের প্রভাব থেকে বের হতে পারেনি। ফলে এ সরকার নিরপেক্ষ নয়, এটা এখন স্পষ্ট।”
শুধু সমালোচনাই নয়, ইশরাক সরাসরি আহ্বান জানান—“মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পদত্যাগ করতে হবে। তারা চাইলে নিজেদের রাজনৈতিক দলের হয়ে কাজ করুক, কিন্তু সরকারের ছত্রছায়ায় থেকে নয়।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এই আন্দোলন থামবে না, যতদিন পর্যন্ত দাবি মানা না হবে।” টানা সাত দিন ধরে ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না দেওয়ার প্রতিবাদে তার সমর্থকরা নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এবার তাদের কাতারে নিজেই মাঠে নামলেন ইশরাক, আর এতে আন্দোলন নতুন গতি পেয়েছে।