• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের রায়ে জয় দেখছে বিএনপি, কর্মসূচি প্রত্যাহার ইঙ্গিত ফখরুলের

দখিনের সময়
প্রকাশিত মে ২২, ২০২৫, ১৭:০৯ অপরাহ্ণ
আদালতের রায়ে জয় দেখছে বিএনপি, কর্মসূচি প্রত্যাহার ইঙ্গিত ফখরুলের
দখিনের সময় ডেস্ক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এই রায়কে জনগণের বিজয় হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২২ মে) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বিচার বিভাগ আইন ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। এই রায় গণতন্ত্রেরই একটি বড় অর্জন।”
ফখরুল আরও বলেন, “২০১৯ সালের মেয়র নির্বাচনে সরকার জোরপূর্বক ফল নিজেদের পক্ষে নিয়ে গেলেও জনগণের রায় ছিল ভিন্ন। ঢাকাবাসী ইশরাককে ‘জনতার মেয়র’ হিসেবে মেনে নিয়েছিল। এখন যেহেতু আদালতের পক্ষ থেকে বাধা নেই, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উচিত দ্রুত তাকে শপথ করানো।” তিনি মনে করেন, দেরি না করে সরকার ইশরাকের শপথ কার্যক্রম শেষ করলেই পরিস্থিতি স্বাভাবিক হবে।
নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল জানান, “আদালতের এই রায় জনগণের পক্ষে গেছে। তাই এখন আর রাজপথে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার প্রয়োজন নেই।” পাশাপাশি রাজনৈতিক সংকট সমাধানে তিনি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। সংস্কার সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের কাজ চলবে, যেখানে ঐকমত্যের বিষয়গুলো সনদে স্থান পাবে, আর অমীমাংসিত বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।” বিদেশে অবস্থানরত ফখরুল বর্তমানে চোখের সফল অস্ত্রোপচারের পর ব্যাংককের হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন।