• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি

দখিনের সময়
প্রকাশিত মে ২৩, ২০২৫, ১৯:২৪ অপরাহ্ণ
ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি
দখিনের সময় ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ বিএনপির কাম্য নয় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (২৩ মে) সময় সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি চায় একটি গ্রহণযোগ্য নির্বাচনী রোডম্যাপ, যা সংকট থেকে জাতিকে বের করে আনবে। তবে আবেগের বশে ইউনূস যদি পদত্যাগ করেন, তাহলে জনগণ নিজ থেকেই একটি বিকল্প খুঁজে নেবে, এমন বার্তা দেন তিনি।
সালাহউদ্দিন বলেন, “ড. ইউনূস সম্মানের সঙ্গে দায়িত্বে থাকুন—এটাই বিএনপির প্রত্যাশা। সংস্কার, বিচার এবং নির্বাচন একসঙ্গে এগোনো সম্ভব। অথচ দৃশ্যত কোনো অগ্রগতি নেই, শুধু সময়ক্ষেপণ চলছে। এমনকি বিএনপি সোমবার (১৯ মে) থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাইলেও সাড়া পায়নি। সরকারের অভ্যন্তরে থাকা কিছু উচ্চাভিলাষী ব্যক্তি বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে দেখে কাজ করছে।”
এদিকে প্রধান উপদেষ্টার পদত্যাগ ইচ্ছা সংক্রান্ত আলোচনায় গত বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যমুনায় ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইউনূস জানান, তিনি কাজ করতে এসেছেন, তবে উপযুক্ত পরিবেশ না থাকলে তার দায়িত্বে থাকা নিয়ে পুনর্বিবেচনা করবেন। একই সঙ্গে রাজনৈতিক উত্তাপের মধ্যে জামায়াত প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকতে অনুরোধ জানিয়েছে, যা চলমান অস্থিরতা নিরসনে একটি সম্ভাব্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।