• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের রক্তের দায়িত্ব আমরা নেব

দখিনের সময়
প্রকাশিত মে ২৩, ২০২৫, ১৯:৪১ অপরাহ্ণ
জুলাইয়ের রক্তের দায়িত্ব আমরা নেব
দখিনের সময় ডেস্ক:
বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় শহীদ আরমান মোল্লার পরিবারের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ কথা বলেন। এ সময় আরমানের পরিবারের হাতে নগদ সহায়তাও তুলে দেন তিনি।
রিজভী বলেন, “শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর দায়িত্ব সরকার ও রাষ্ট্রের। অথচ বর্তমান সরকার সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।” তিনি প্রশ্ন তোলেন, “নিহতদের তালিকা এখনো সরকারের হাতে নেই কেন? তাদের প্রতি এমন অবহেলা কেন?” তিনি দাবি করেন, বিএনপি পরিবার আরমান মোল্লার পরিবারসহ আন্দোলনে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে সহায়তা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে রাষ্ট্রীয়ভাবেও সেই দায়িত্ব পালন করবে।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোখলেছুর রহমান মিথুনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রিজভী আরও বলেন, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণ বিএনপি ভুলবে না। “আমরা বিশ্বাস করি, জনগণ আমাদের পাশে আছে। সরকার ব্যর্থ হলেও আমরা দায়িত্ব নিতে পিছপা হবো না,” বলেন তিনি।