• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির সঙ্গে দুই ছাত্র উপদেষ্টার সম্পৃক্ততা নেই: নাহিদ

দখিনের সময়
প্রকাশিত মে ২৪, ২০২৫, ১৭:৩১ অপরাহ্ণ
এনসিপির সঙ্গে দুই ছাত্র উপদেষ্টার সম্পৃক্ততা নেই: নাহিদ
দখিনের সময় ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে দলের কোনো ধরনের সম্পর্ক নেই। শনিবার রাজধানীর বাংলামোটরে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ বিষয়ে সাফ জানিয়ে দেন, “দুই উপদেষ্টা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি, এনসিপির কেউ নন। উদ্দেশ্যমূলকভাবে তাদের আমাদের সঙ্গে জড়ানো হচ্ছে যাতে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।” একইসঙ্গে তিনি বলেন, মানবিক করিডর ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের বক্তব্যে ধোঁয়াশা তৈরি হচ্ছে, যা রাজনৈতিক দলগুলোর জন্য বিভ্রান্তির কারণ।
নাহিদ ইসলাম আরও বলেন, “গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এসেছেন। এখন তার দায়িত্ব বিচার, সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে একটি টেকসই রাজনৈতিক রূপরেখা তৈরি করা। জুলাইয়ে ঘোষণাপত্র এবং বিচার নিশ্চিত করেই জাতীয় নির্বাচনে যাওয়া সম্ভব। তবে অতীতের ভুল যেন আবার না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।” এ সময় সেনাবাহিনীর আশ্রয়ে থাকা ব্যক্তিদের তালিকা আগেই প্রকাশ করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ওয়ান ইলেভেনের সময়ে সেনাবাহিনী যেমন ভূমিকা রেখেছিল, তেমন পরিস্থিতি এখন আর কাম্য নয়।
সংবাদ সম্মেলনে এনসিপির সচিব আখতার হোসেন বলেন, “দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা এক-এগারোর ছায়া দেখতে পাচ্ছি। সংস্কার, বিচার ও শান্তিপূর্ণ নির্বাচনের যে আকাঙ্ক্ষা ছিল, তা ধোঁয়াশার মধ্যে পড়েছে।” তিনি বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর ঐক্য ও সহযোগিতার মনোভাব। সব দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে এনসিপি নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের মাধ্যমে একটি আস্থার পরিবেশ তৈরি করাই হবে এখন সবচেয়ে যুক্তিযুক্ত পদক্ষেপ।