দখিনের সময় ডেস্ক:
উচ্চ আদালত সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন জসিম উদ্দিন নামের এক আইনজীবী। নোটিশে সারজিসকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে তাকে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে, তা-ও দুই ঘণ্টার মধ্যে। অন্যথায় তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে। নোটিশটি ডাকযোগে ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারজিসের কাছে পাঠানো হয়েছে বলে জানান আইনজীবী।
নোটিশে উল্লেখ করা হয়, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথগ্রহণ সংক্রান্ত রিট খারিজের পর এক ফেসবুক পোস্টে সারজিস লিখেছিলেন—“মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?” আইনজীবীর মতে, এই মন্তব্য শুধু আদালতের মর্যাদাহানিকর নয়, বরং তা সরাসরি আদালত অবমাননার শামিল। আদালতের বিশ্বাসযোগ্যতা ও জনআস্থা টিকিয়ে রাখতে এমন বক্তব্যের কঠোর প্রতিবাদ ও আইনি ব্যবস্থা নেয়া জরুরি বলেও মন্তব্য করেন নোটিশদাতা।