• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এটিএম আজহারের আপিল রায়ে খালাস: প্রতিক্রিয়া ও প্রেক্ষাপট

দখিনের সময়
প্রকাশিত মে ২৭, ২০২৫, ১৮:৩১ অপরাহ্ণ
এটিএম আজহারের আপিল রায়ে খালাস: প্রতিক্রিয়া ও প্রেক্ষাপট
দখিনের সময় ডেস্ক:
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মানবতাবিরোধী অপরাধ মামলায় আপিলের রায়ে খালাস পাওয়ার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২৭ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহার আজ অবশেষে মুক্তি পেয়েছেন। তার এই রায় আমাদের মনে করিয়ে দেয় সেই সব মানুষকে, যারা হয়তো ফিরে আসতে পারতেন—যেমন সাকা চৌধুরী, দেলাওয়ার হোসাইন সাঈদী অথবা সেই সব নামহীন মানুষ, যারা গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু তাদের আর ফিরে আসার সুযোগ নেই।”
সারজিস আরও লেখেন, “যারা দেশের জন্য কিছু করার সুযোগ পেয়েছেন, তারা যেন এই আমানতের খেয়ানত না করেন। আমাদের মা-মাটি-মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই এই সুযোগের মূল্য দিতে হবে।” তার এই মন্তব্য সমাজে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে, বিশেষ করে মানবতাবিরোধী অপরাধ ও বিচার নিয়ে যাদের সংবেদনশীল দৃষ্টিভঙ্গি রয়েছে, তাদের মধ্যে।
উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারের আপিলের রায়ে মঙ্গলবার (২৭ মে) খালাস ঘোষণা করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারকে মৃত্যুদণ্ড দেয়, যা ২০১৫ সালের ২৮ জানুয়ারি তিনি আপিলে চ্যালেঞ্জ করেন। ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ সেই রায় বহাল রাখলেও পরে রিভিউ আবেদনের প্রেক্ষিতে নতুন করে শুনানির অনুমতি দেওয়া হয়। এই মামলাটি ছিল মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত প্রথম মামলা, যা রিভিউ শেষে আবারও আপিল পর্যায়ে ফিরে গিয়েছিল।