• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবশেষ মামলাতেও রেহাই পেলেন তারেক রহমান

দখিনের সময়
প্রকাশিত মে ২৮, ২০২৫, ১৭:০৯ অপরাহ্ণ
সবশেষ মামলাতেও রেহাই পেলেন তারেক রহমান
দখিনের সময় ডেস্ক:
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চে ডা. জুবাইদার আপিল শুনানি শেষে এই রায় ঘোষণা করা হয়। আইনজীবীরা জানান, মামলার বিচার প্রক্রিয়ায় বিদ্বেষ ও ত্রুটি থাকায় আপিল না করেও তারেক রহমান এই মামলায় খালাসের সুযোগ পেয়েছেন। ফলে সব মামলায় বিএনপির এই শীর্ষ নেতা এখন সম্পূর্ণভাবে মামলা-মুক্ত।
ডা. জুবাইদার পক্ষে থাকা আইনজীবী অ্যাডভোকেট এস এম শাজাহান রায়টিকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, “এটি প্রমাণ করে জিয়া পরিবার বাংলাদেশের মাটিতেই শিকড় গেড়ে আছে।” অন্যদিকে মামলার নানা ত্রুটি ও বিচারের অসঙ্গতির কথা স্বীকার করেন দুদকের আইনজীবী আসিফ হাসান। উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে এই মামলায় তারেক রহমানকে ৯ ও জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। পরে ২০২৪ সালের ৫ আগস্টের পর সরকারের সিদ্ধান্তে জুবাইদার সাজা এক বছর স্থগিত করা হয়।
প্রায় ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর গত ৬ মে দেশে ফেরেন ডা. জুবাইদা। এরই ধারাবাহিকতায় ১৩ মে হাইকোর্ট তাঁর আপিল গ্রহণের অনুমতি দেয় এবং ১৪ মে জামিন মঞ্জুর করেন বিচারপতি খসরুজ্জামান। মামলার রায় ঘোষণার আগ পর্যন্ত ৫৮৭ দিন বিলম্বে আপিলের আবেদনটি আদালত গ্রহণযোগ্য ঘোষণা করেন। সব মিলিয়ে, এক দশকেরও বেশি সময় ধরে চলা মামলার শেষ প্রান্তে এসে এটি ছিল তারেক রহমানের বিরুদ্ধে থাকা শেষ মামলাটিও, যেখানে এখন তিনি খালাসপ্রাপ্ত।