• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ নাটক, আসল লড়াই সামনে: সালাহউদ্দিন

দখিনের সময়
প্রকাশিত মে ২৮, ২০২৫, ১৭:৪৬ অপরাহ্ণ
পদত্যাগ নাটক, আসল লড়াই সামনে: সালাহউদ্দিন
দখিনের সময় ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সরকারের পদত্যাগকে ‘নাটক’ আখ্যা দিয়ে বলেন, বিএনপি নির্বাচনের রোডম্যাপ চেয়েছিল, পদত্যাগ নয়। তিনি দাবি করেন, ডিসেম্বরের মধ্যেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় দলটি। বুধবার (২৮ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের যৌথ কর্মসূচির অংশ হিসেবে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে তরুণেরা সিদ্ধান্তে অংশ নেবে, নেতৃত্বে আসবে।” তিনি জানান, ৫ আগস্ট গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনায় বিএনপি কাজ করছে। তিনি অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে বিরোধী ঐক্যে ফাটল ধরাতে চায়। আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে বলেন, তারা ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে এবং ৪ লাখ কোটি টাকা খেলাপি ঋণের দায়ে দায়ী। বিদ্যুৎ ও ব্যাংক খাতে অব্যবস্থাপনার মাধ্যমে দেশকে ‘লুটপাটের জায়গা’তে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়া কর্মীদের ‘বিদেশি এজেন্ট’ বলার সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, “যারা আমাদের গণতান্ত্রিক চেতনার পথে বাধা মনে করে, তারাই এসব অপপ্রচার চালাচ্ছে।” বিএনপির নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচির সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান এবং ছাত্রদলের নাছির উদ্দিন নাছির।