• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরেই ভোট চাই: তারেক রহমান

দখিনের সময়
প্রকাশিত মে ২৮, ২০২৫, ১৮:১৪ অপরাহ্ণ
ডিসেম্বরেই ভোট চাই: তারেক রহমান
দখিনের সময় ডেস্ক:
সংস্কারের নামে সময়ক্ষেপণ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৮ মে) রাজধানীর পল্টনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে ‘তারুণ্যের সমাবেশে’ তিনি বলেন, নির্বাচন নিয়ে এখন টালবাহানা শুরু হয়েছে। সংস্কারের আড়ালে লুকিয়ে আছে ভিন্ন উদ্দেশ্য। তবে যা-ই হোক না কেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে—এই সময়সীমা নিয়ে কোনো আপস হবে না। নেতাকর্মীদের উদ্দেশে তার বার্তা ছিল পরিষ্কার—জনগণের আস্থা অর্জন করেই নির্বাচন মাঠে নামতে হবে।
তারেক রহমান আরও বলেন, বিএনপির আগামী দিনের রাজনীতি হবে কর্মসংস্থানের এবং তরুণ ও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার। তিনি জানান, দেশের অগ্রগতির মূল শক্তি হলো তারুণ্য এবং নারীর ক্ষমতায়ন। দেশের বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীর যথাযথ ব্যবহারকে সামনে রেখেই বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা তৈরি করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। এর উদাহরণ হিসেবে তুলে ধরেন ইশরাক হোসেনকে শপথ নাকরানো—যা তিনি ‘স্বৈরাচারী সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন।
আলোচনার শেষ দিকে তারেক রহমান বিদেশ নির্ভরতা নিয়েও কড়া অবস্থান জানান। তিনি বলেন, “দিল্লি নয়, পিণ্ডি নয়—সবার আগে বাংলাদেশ।” তিনি বলেন, যারা ক্ষমতায় থাকতে চান, তারা যেন জনগণের কাতারে এসে নির্বাচনে অংশ নেন। একইসঙ্গে সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, জনগণের বিশ্বাস হারানো কোনো সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতারা, যারা সবাই ঐক্য ও জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতির বার্তা দেন।