• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের দিন ঘোষণায় বিলম্বে দেশের অনিশ্চয়তা বাড়ছে: তারেক রহমান

দখিনের সময়
প্রকাশিত মে ২৯, ২০২৫, ১৯:২৫ অপরাহ্ণ
নির্বাচনের দিন ঘোষণায় বিলম্বে দেশের অনিশ্চয়তা বাড়ছে: তারেক রহমান
দখিনের সময় ডেস্ক:
আন্তর্বর্তী সরকারের প্রতি তীব্র সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার এখনো পর্যন্ত জনগণের চাওয়া বুঝতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “গত ১০ মাসেও নির্বাচন নিয়ে স্পষ্ট কোনো তারিখ দিতে পারেনি সরকার। এই ধোঁয়াশার কারণে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ছে, অর্থনীতি স্থবির হয়ে পড়েছে, এবং বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে।”
তিনি আরও বলেন, “সরকারের উপদেষ্টাদের অনেকেই জনগণের কষ্ট বুঝতে পারেন না, তারা জনগণের দুর্দশা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।” তার মতে, জনগণের সাথে সরকার ও প্রশাসনের এই দূরত্বই আজকের সংকটের মূল কারণ। কলকারখানার উৎপাদন হুমকির মুখে, ব্যবসায়ীরা মুখ খুলতে ভয় পাচ্ছে—এই অবস্থায় কোনো উন্নয়ন সম্ভব নয়। তারেকের দাবি, সরকার যদি সত্যিই সংস্কারে আন্তরিক হয়, তাহলে সময়ক্ষেপণের প্রয়োজন নেই, বরং ডিসেম্বরের আগেই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।
সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন মতভেদ নেই বলেও জানান তিনি। কিন্তু সংস্কারের নামে দেরি করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তারেক রহমান বলেন, “নির্বাচনের দিনক্ষণ দ্রুত ঘোষণা করুন। এটা হার-জিতের খেলা নয়, এটা জনগণের অধিকার নিশ্চিত করার লড়াই।” একইসঙ্গে তিনি সবাইকে আহ্বান জানান গণতন্ত্র রক্ষার এই যুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, যাতে দেশের ভবিষ্যৎ পথচলা হয় একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে।