• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তরক্ষী বাহিনীকে জিম্মি করেছিলেন হাসিনা: সারজিস আলম

দখিনের সময়
প্রকাশিত মে ২৯, ২০২৫, ১৯:৫৮ অপরাহ্ণ
সীমান্তরক্ষী বাহিনীকে জিম্মি করেছিলেন হাসিনা: সারজিস আলম
দখিনের সময় ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেছেন, দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আন্তর্জাতিক মানের হলেও অতীতে তাদের কার্যকরভাবে ব্যবহার করতে দেয়া হয়নি। বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রামে চতুর্থ দিনের গণসংযোগ ও পথসভায় তিনি বলেন, “বিজিবি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারত, কিন্তু শেখ হাসিনার সরকার তাদের রাজনৈতিকভাবে জিম্মি করে রেখেছিল।” তিনি সীমান্তে পুশইনকে ভারতের ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেন এবং বলেন, “এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বাংলাদেশবিরোধী দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।”
সারজিস আলম আরও বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের নামে সরকার একতরফা সুবিধা দিয়ে গেছে, যার খেসারত দিচ্ছে দেশের মানুষ। তিনি অভিযোগ করেন, “যে ব্যক্তি (শেখ হাসিনা) দেশে হাজারো হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, তাকেই ভারত আশ্রয় দিয়েছে। এই অবস্থায় স্বাভাবিক সম্পর্ক কল্পনা করা অসম্ভব।” শুধু সীমান্তরক্ষী নয়, প্রতিটি নাগরিককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পুশইনের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি। “ভারতের এজেন্টরা চোরাপথে প্রবেশ করছে, এটা আমাদের সবাইকে বুঝতে হবে,” বলেন তিনি।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেন সারজিস। তার ভাষায়, “আওয়ামী লীগ বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, আর সেই টাকায় ভারতের আদানি গোষ্ঠী লাভবান হয়েছে। অথচ দেশের মানুষ দিনে ৭-৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকে।” তিনি বলেন, আগামীতে ‘ভোটের বিনিময়ে টাকা’র রাজনীতি বন্ধ করতে হবে এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় জনগণকেই সচেতন হতে হবে। “যারা টাকা নিয়ে ভোট চাইতে আসে, তাদের প্রতিহত করুন,”—এই বার্তা দিয়ে তিনি নিজের বক্তব্য শেষ করেন।