• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে অবাধ নির্বাচন চায় সব গণতন্ত্রপন্থি দল: ১২ দলীয় জোট

দখিনের সময়
প্রকাশিত মে ৩০, ২০২৫, ১৭:১০ অপরাহ্ণ
ডিসেম্বরে অবাধ নির্বাচন চায় সব গণতন্ত্রপন্থি দল: ১২ দলীয় জোট
দখিনের সময় ডেস্ক:
দেশের সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরেই একটি অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চায়—এমনটাই দাবি করেছে বিএনপির যুগপৎ আন্দোলনের মিত্র ১২ দলীয় জোট। শুক্রবার (৩০ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জোটের শীর্ষ নেতারা বলেন, “একটি মাত্র দল নির্বাচন চায়”—এ ধরনের মন্তব্য বাস্তবতাবিরোধী ও বিভ্রান্তিকর। তারা বলেন, বারবার প্রমাণ হয়েছে, একটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনই দেশের অগ্রগতির একমাত্র পথ।
জোটের নেতারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি নিজেই কিছু উগ্রপন্থী ও জনসমর্থনহীন দলকে সাথে নিয়ে নির্বাচন প্রশ্নে বিলম্বের কৌশল নিয়েছেন। তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে নির্দিষ্টভাবে জুনের মধ্যেই নির্বাচনের আহ্বান জানিয়ে আসছি।” জোটের পক্ষ থেকে একাধিকবার সভা-সমাবেশ, সংবাদ সম্মেলন ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই দাবি তোলা হয়েছে। তারা আরও বলেন, “ড. ইউনূস কথার খেলা আর পদত্যাগের নাটক করে পরিস্থিতি সামাল দিতে পারবেন না। জনগণ তাঁর উদ্দেশ্য বুঝে ফেলেছে।”
১২ দলীয় জোটের দাবি, একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব এবং তা দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। তারা বলেন, প্রধান উপদেষ্টাকে স্থায়ী কাজের জন্য নয়, বরং একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং তার উচিত, অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা ও অন্তর্বর্তী সরকার হিসেবে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করা। ফ্যাসিস্ট শক্তির বিচার ও কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে রাজনৈতিক শুদ্ধি অভিযান শুরু হয়েছে বলেও জোট দাবি করে। বিবৃতিতে আরও বলা হয়, জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।