• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ঠেকালে দায় ইউনূসের: মির্জা আব্বাস

দখিনের সময়
প্রকাশিত মে ৩০, ২০২৫, ১৭:৪৭ অপরাহ্ণ
নির্বাচন ঠেকালে দায় ইউনূসের: মির্জা আব্বাস
দখিনের সময় ডেস্ক:
ডিসেম্বরে নির্বাচন না হলে এর পূর্ণ দায়ভার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “জিয়াউর রহমান নিজের দেশীয় চিন্তা দিয়েই সংস্কার করেছেন, বিদেশিদের পরামর্শে নয়। অথচ আজ কিছু বিদেশি পরামর্শকের ছায়ায় বর্তমান সরকার ও প্রধান উপদেষ্টা নির্বাচন থেকে সরে আসার চেষ্টা করছেন।”
আব্বাস অভিযোগ করেন, “ড. ইউনূস প্রথমে ডিসেম্বরের নির্বাচনের কথা বললেও এখন আবার জুনের কথা বলছেন। এটা পরিষ্কারভাবে সময়ক্ষেপণের চেষ্টা। দেশের জনগণ এখন আর এই ছলচাতুরীতে বিভ্রান্ত হবে না। নির্বাচন না হলে পরিস্থিতি ভয়াবহ দিকে যাবে, এমনকি দেশের ভৌগলিক স্থিতিও হুমকির মুখে পড়তে পারে।” তিনি আরও বলেন, “আপনি বিদেশে বসে বিএনপিকে নিয়ে অপবাদ দিচ্ছেন—এটা কি আপনার শোভা পায়? একজন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির এমন আচরণ লজ্জাজনক।”
পরে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বলেন, “প্রধান উপদেষ্টার বক্তব্য তথ্যগতভাবে বিভ্রান্তিকর। শুধু একটি দল নয়, যুগপৎ আন্দোলনের শরিক, ১২ দলীয় জোটসহ বহু রাজনৈতিক দল ডিসেম্বরে অবাধ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। জনগণ আর অপেক্ষা করবে না, তারা ভোটের অধিকার ফিরিয়ে আনবেই।”