• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের ছুতোয় জাতিকে জিম্মি করা হচ্ছেঃ মির্জা আব্বাস

দখিনের সময়
প্রকাশিত মে ৩১, ২০২৫, ১৭:০৫ অপরাহ্ণ
নির্বাচনের ছুতোয় জাতিকে জিম্মি করা হচ্ছেঃ মির্জা আব্বাস
দখিনের সময় ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল জাতিকে ব্ল্যাকমেইল করছে। শনিবার (৩১ মে) যাত্রাবাড়ীতে দরিদ্র ও অসহায়দের মাঝে খাবার বিতরণকালে তিনি এ অভিযোগ করেন। তার ভাষায়, নির্বাচন নিয়ে মতভেদ থাকতেই পারে, তবে কোনো পক্ষ জাতিকে জিম্মি করে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে পারে না। যে কোনো মূল্যে দেশে একটি রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা হওয়া জরুরি—তাহলেই জাতীয় অস্থিরতা দূর করা সম্ভব হবে।
মির্জা আব্বাস বলেন, “নির্বাচন নিয়ে যেমন সবার সমালোচনার অধিকার আছে, তেমনি বিএনপিরও এর পক্ষে মত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু নির্বাচনকে ঘিরে জাতিকে ব্ল্যাকমেইল করা গ্রহণযোগ্য নয়।” তিনি আরও বলেন, বিএনপি অতীতেও ৩-৪ বার ক্ষমতায় ছিল—তবে তখন তো কেউ আতঙ্কিত হয়নি। তাহলে এখন বিএনপি ক্ষমতায় গেলে ভয় পাওয়ার কারণ কী? দেশের জন্য এখন একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সরকার অপরিহার্য, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে পারে।
একই দিন, রাজধানীর ভিন্ন ভিন্ন স্থানে বিএনপির অন্যান্য নেতারাও নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে কথা বলেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, অন্তর্বর্তী সরকারের মন্তব্য বিএনপির লক্ষ্যকে বদলাতে পারবে না—তাদের একমাত্র উদ্দেশ্য, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা। সালাহউদ্দিন আহমদ দাবি করেন, যারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নিচ্ছে, তারা বিএনপিকে বিভ্রান্ত করছে এবং নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ তুলছে। আর গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ড. ইউনূসের বক্তব্যে স্পষ্ট যে তাঁকে সরকারপ্রধান হিসেবে বেছে নেওয়া ছিল একটি বড় ভুল।