• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিবন্ধন ফিরে পেয়ে শুকরিয়া জানান জামায়াত আমিরের

দখিনের সময়
প্রকাশিত জুন ১, ২০২৫, ১৭:৩৬ অপরাহ্ণ
নিবন্ধন ফিরে পেয়ে শুকরিয়া জানান জামায়াত আমিরের
দখিনের সময় ডেস্ক:
দলীয় নিবন্ধন ফিরে পাওয়ার পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, “দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের সর্বসম্মত রায়ের মাধ্যমে আমাদের রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের সফল পরিণতিতে মহান রবের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই রায় ন্যায়ের বিজয় এবং অন্যায়ের অবসান ঘটিয়েছে।”
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়ে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে এবং ধারাবাহিকভাবে প্রতিনিধিত্ব করেছে। ২০০৮ সালের ৪ নভেম্বর নিবন্ধন পাওয়ার পর ২০০৯ সালে একটি মহল দলটির নিবন্ধন বাতিলের দাবিতে রিট করে। হাইকোর্ট বিভাগ ২০১৩ সালে বিভক্ত রায়ের মাধ্যমে নিবন্ধন বাতিল করলেও, জামায়াত তাৎক্ষণিকভাবে আপিল করে। অবশেষে আপিল বিভাগ সর্বসম্মতভাবে জামায়াতের পক্ষে রায় দিয়ে নিবন্ধন পুনঃপ্রদান করেন।
তিনি আরও বলেন, দীর্ঘ এই সময়ে যারা আইনি, নৈতিক ও পরামর্শদাতা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের রায়ের মাধ্যমে দেশের বিচার বিভাগীয় স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রতি আস্থা আরও দৃঢ় হলো। একইসঙ্গে, দেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের পথ সুগম হলো। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই রায়ের ফলে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন গতি সঞ্চার হবে এবং গণতন্ত্র আরও শক্তিশালী হবে ইনশাআল্লাহ।